স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২২ জুলাই ২০২৬, ১০:৪৬ পি এম

ময়মনসিংহ মেডিকেলের ব্যবস্থাপনা কমিটিতে প্রতিমন্ত্রী ইকবাল, এমপি ওয়াহিদ

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও সহ-সভাপতি হিসেবে দুইজনকে মনোনয়ন দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা-১ শাখা থেকে ১৯ জুলাই ২০২৬ (০৪ শ্রাবণ ১৪৩৩) জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন, এমপি। আর সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ময়মনসিংহ-৪ আসনের সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে এ মনোনয়নের বিষয়টি জানিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও বলা হয়েছে, মনোনয়নের বিষয়টি প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন ও সংসদ সদস্য মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদকে অবহিত করতে হবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্বাস্থ্য উপদেষ্টা, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ও স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের একান্ত সচিবদের কাছেও প্রজ্ঞাপনের অনুলিপি পাঠানো হয়েছে।

নতুন এই ব্যবস্থাপনা কমিটির নেতৃত্বে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সেবা ব্যবস্থাপনা, প্রশাসনিক কার্যক্রম এবং উন্নয়ন কর্মকাণ্ডে অধিক সমন্বয় ও গতিশীলতা আসবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।