স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৭ জুলাই ২০২৬, ১০:২৭ পি এম

নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের গ্রেড উন্নীতকরণের প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগের

ছবি: সংগৃহীত

দেশের নার্সিং সেবার প্রশাসনিক কাঠামোকে আরও শক্তিশালী ও পেশাগত মর্যাদা বৃদ্ধির লক্ষ্যে নার্সিং সুপারিনটেন্ডেন্ট এবং ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদের গ্রেড উন্নীত করার প্রস্তাব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখা থেকে গত ৮ জুলাই ২০২৬ তারিখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো এক চিঠিতে এ প্রস্তাব করা হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, বর্তমানে নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদটি ৭ম ও ৯ম গ্রেডে এবং ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদটি ৯ম গ্রেডে বিদ্যমান। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সুপারিশের আলোকে পদগুলোর বিদ্যমান গ্রেড পুনর্বিবেচনা করে উচ্চতর গ্রেড নির্ধারণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

প্রস্তাব অনুযায়ী, ৭ম ও ৯ম গ্রেডভুক্ত নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদকে ৫ম গ্রেডে উন্নীত করার সুপারিশ করা হয়েছে। একই সঙ্গে বর্তমানে ৯ম গ্রেডভুক্ত ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট পদকে ৭ম গ্রেডে উন্নীত করার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবিত গ্রেড কাঠামো হলো:

  • নার্সিং সুপারিনটেন্ডেন্ট: বর্তমান ৭ম গ্রেড → প্রস্তাবিত ৫ম গ্রেড।
  • নার্সিং সুপারিনটেন্ডেন্ট: বর্তমান ৯ম গ্রেড → প্রস্তাবিত ৫ম গ্রেড।
  • ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্ট: বর্তমান ৯ম গ্রেড → প্রস্তাবিত ৭ম গ্রেড।

স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. শাহাদাত হোসেন মাসুদ স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

চিঠির অনুলিপি নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র বলছে, দেশের সরকারি হাসপাতালগুলোতে নার্সিং সুপারিনটেন্ডেন্ট ও ডেপুটি নার্সিং সুপারিনটেন্ডেন্টরা নার্সিং সেবার প্রশাসনিক ব্যবস্থাপনা, জনবল তদারকি, রোগীসেবার মান নিশ্চিতকরণ, ডিউটি ব্যবস্থাপনা এবং বিভিন্ন সমন্বয়মূলক দায়িত্ব পালন করেন। দায়িত্ব ও কাজের পরিধি বৃদ্ধি পেলেও দীর্ঘদিন ধরে এসব পদের গ্রেড অপরিবর্তিত থাকায় নার্সিং প্রশাসনে পদমর্যাদাগত বৈষম্যের অভিযোগ ছিল।

নার্সিং পেশাজীবীদের মতে, প্রশাসনিক দায়িত্ব, নেতৃত্বের পরিধি এবং পেশাগত দক্ষতার সঙ্গে সামঞ্জস্য রেখে পদগুলোর গ্রেড উন্নীত করা হলে নার্সিং সেবার মান আরও বৃদ্ধি পাবে। পাশাপাশি দক্ষ ও অভিজ্ঞ নার্সদের প্রশাসনিক নেতৃত্বে আগ্রহও বাড়বে।

উল্লেখ্য, নার্স নেতারা দীর্ঘদিন ধরে নার্সিং প্রশাসনিক পদগুলোর গ্রেড বৈষম্য দূর করে পদমর্যাদা বৃদ্ধির দাবি জানিয়ে আসছেন। স্বাস্থ্য সেবা বিভাগের এই প্রস্তাব বাস্তবায়িত হলে সরকারি নার্সিং প্রশাসনের কাঠামোয় এটি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে বিবেচিত হবে এবং দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নার্সিং নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।