স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রাজধানীর বড় মগবাজারে অবস্থিত আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করেছে সরকার। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচনা করে শর্তসাপেক্ষে হাসপাতালটিকে পুনরায় কার্যক্রম পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।
সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, হাসপাতালটিতে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের দাখিল করা আপিল এবং সংশ্লিষ্ট বিস্তারিত তথ্য পর্যালোচনার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছিল।
তদন্ত শেষে কমিটির প্রতিবেদন সন্তোষজনক হওয়ায় পূর্বে জারি করা লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে। এর ফলে হাসপাতালটি পুনরায় স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনার সুযোগ পেলেও তা নির্দিষ্ট কয়েকটি শর্ত মেনে পরিচালনা করতে হবে।
স্বাস্থ্য সেবা বিভাগের আদেশ অনুযায়ী, হাসপাতাল কর্তৃপক্ষকে দ্য মেডিকেল প্রাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ল্যাবরেটরিস (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২–এর সব বিধান কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া লাইসেন্সের শর্ত অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় সংখ্যক ডিউটি চিকিৎসক ও নার্স নিয়োগ নিশ্চিত করতে হবে।
আদেশে আরও উল্লেখ করা হয়েছে, ভবিষ্যতে হাসপাতাল কর্তৃপক্ষ লাইসেন্সের কোনো শর্ত ভঙ্গ করলে সরকার প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সই করা এ আদেশে হাসপাতালের নির্বাহী পরিচালককে বিষয়টি অবহিত করা হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছেও আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়। ঘটনার পর হাসপাতালটির লাইসেন্স বাতিল করা হয়। পরে হাসপাতাল কর্তৃপক্ষ সরকারের কাছে আপিল করলে বিষয়টি পুনরায় তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। তদন্ত কমিটির প্রতিবেদন সন্তোষজনক বিবেচিত হওয়ায় সরকার লাইসেন্স বাতিলের আদেশ প্রত্যাহার করে শর্তসাপেক্ষে হাসপাতালটির কার্যক্রম পুনরায় চালানোর অনুমতি দিয়েছে।