স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
শিশুদের স্নায়ু ও পেশিজনিত রোগের বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে (NINS) চালু হয়েছে নিউরোমাসকুলার ক্লিনিক।
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA)-সহ বিভিন্ন নিউরোমাসকুলার রোগে আক্রান্ত শিশুদের রোগ নির্ণয়, চিকিৎসা ও সমন্বিত পরিচর্যা নিশ্চিত করতে এই ক্লিনিক চালু করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) হাসপাতালের শিশু নিউরোলজি বিভাগে ক্লিনিকটির উদ্বোধন করা হয়। এখন থেকে প্রতি বুধবার এই ক্লিনিকের কার্যক্রম চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. এম নুরুজ্জামান খান (খসরু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিশু নিউরোলজি বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ইয়ামিন শাহরিয়ার চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ডা. মো. রুস্তম আলী মধু, অধ্যাপক ডা. মো. ফরহাদ হোসেন চৌধুরী, অধ্যাপক ডা. এ জেড এম সাইফুদ্দিন, অধ্যাপক ডা. মো. শফিউল আলম, অধ্যাপক ডা. মো. মনির হোসেন, সহকারী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. মো. বশীর আহম্মেদ, সহকারী অধ্যাপক ও আবাসিক চিকিৎসক ডা. মো. মাজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক ডা. মুশতাব শিরা মৌসুমীসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
নিউরোমাসকুলার রোগে স্নায়ু ও পেশি আক্রান্ত হয়। এসব রোগের কারণে শিশুদের পেশি দুর্বল হয়ে যাওয়া, নড়াচড়ায় অসুবিধা এবং স্বাভাবিক শারীরিক কার্যক্রম ব্যাহত হতে পারে। এর মধ্যে স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি গুরুত্বপূর্ণ রোগ, যা শিশুর পেশির শক্তি ও নড়াচড়ার ক্ষমতাকে প্রভাবিত করে।
নতুন এই ক্লিনিকের মাধ্যমে শিশুদের নিউরোমাসকুলার রোগ দ্রুত শনাক্তকরণ, সঠিক রোগ নির্ণয়, বিশেষজ্ঞ চিকিৎসা, পুষ্টি ব্যবস্থাপনা ও নিয়মিত ফলোআপ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে রোগের জটিলতা কমানো এবং আক্রান্ত শিশুদের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিচর্যার সুযোগ তৈরি হবে।
বিশেষায়িত এই ক্লিনিক শিশুদের স্নায়ু ও পেশিজনিত রোগের চিকিৎসাসেবা আরও সুসংগঠিত করতে সহায়ক হবে। পাশাপাশি আক্রান্ত শিশুদের পরিবার রোগ ব্যবস্থাপনা ও নিয়মিত পরিচর্যার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পাবে। সময়মতো রোগ শনাক্তকরণ ও যথাযথ চিকিৎসার মাধ্যমে শিশুদের স্বাস্থ্যগত জটিলতা কমানো এবং তাদের জীবনমান উন্নত করাই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।