স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকির ওপর তাঁর কার্যালয়ে ঢুকে হামলার অভিযোগ উঠেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কয়েকজন কর্মীর বিরুদ্ধে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সংগঠনটির সহ-আইনবিষয়ক সম্পাদক ডা. জাহিদ হাসান রিপকের প্রাথমিক সদস্যপদ স্থগিত করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার ভিডিও ফুটেজে দেখা যায়, পরিচালক তাঁর কার্যালয়ে কয়েকজনের সঙ্গে বৈঠক করছিলেন।
এ সময় ৮-৯ জন ব্যক্তি সেখানে প্রবেশ করেন। পরে তাঁরা তাঁকে চেয়ার থেকে টেনেহিঁচড়ে তুলে মারধর করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ড্যাবের মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত নেতাকে ৪৮ ঘণ্টার মধ্যে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, ঘটনার বিস্তারিত অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। হামলার পেছনে কোনো কারণ রয়েছে কি না, তা-ও খতিয়ে দেখা হবে। প্রাথমিকভাবে পাওয়া ভিডিওতে একজনকে দেখা যাওয়ায় তাঁর বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।
ড্যাব মহাসচিব আরও জানান, অধ্যাপক ডা. কাজী আহমেদ জাকি ও অভিযুক্ত নেতা, দুজনই সংগঠনটির আজীবন সদস্য। ফলে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি আইইডিসিআরের একটি প্রকল্পে চাকরি করতেন।
প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় সম্প্রতি তাঁকে অব্যাহতি দেওয়া হয়েছে। চাকরি থেকে অব্যাহতির সঙ্গে হামলার ঘটনার কোনো যোগসূত্র রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে।
ডা. জহিরুল ইসলাম শাকিল বলেন, ড্যাব এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না। সংগঠনের কোনো সদস্য অন্যায় করলে তাঁর বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আইইডিসিআর দেশের রোগ পরিস্থিতি পর্যবেক্ষণ, রোগতাত্ত্বিক গবেষণা ও জনস্বাস্থ্যবিষয়ক সতর্কবার্তা প্রদানের দায়িত্বে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠান।