স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
স্ট্রোক, মেরুদণ্ডের স্নায়ুতে আঘাত ও মস্তিষ্কে আঘাতসহ বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসনসেবা উন্নত করার লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অনুষ্ঠিত হয়েছে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬।
বুধবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।
বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের উদ্যোগে এবং জেনারাস কোং লিমিটেডের সহযোগিতায় কর্মশালাটি আয়োজন করা হয়। এতে সহায়তা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।
কর্মশালায় চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীরা নিউরো রিহ্যাবিলিটেশন বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। পাশাপাশি স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের জন্য উন্নত ও সমন্বিত পুনর্বাসনসেবা নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (সিআরপি) প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।
কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সিআরপি, কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কোং লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচিতে উদ্বোধনী অধিবেশন, গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় এবং বিভিন্ন কর্মশালাভিত্তিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
নিউরো রিহ্যাবিলিটেশন বা স্নায়বিক পুনর্বাসন হলো এমন একটি চিকিৎসাসেবা, যার মাধ্যমে স্নায়বিক রোগ বা আঘাতের কারণে শারীরিক সক্ষমতা হারানো ব্যক্তিদের দৈনন্দিন কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনতে সহায়তা করা হয়। স্ট্রোক, মস্তিষ্কে আঘাত কিংবা মেরুদণ্ডের স্নায়ুতে আঘাতের পর অনেকের চলাফেরা, হাত-পায়ের ব্যবহার ও নিজের যত্ন নেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। পরিকল্পিত পুনর্বাসনসেবা এসব সমস্যা মোকাবিলা করে রোগীকে যতটা সম্ভব স্বনির্ভর হতে সাহায্য করে।
আয়োজকদের মতে, নিউরো রিহ্যাবিলিটেশন রোগীদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বাড়ানো, জীবনযাত্রার মান উন্নত করা এবং সামাজিক জীবনে পুনরায় অংশগ্রহণের সুযোগ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তাঁরা আশা প্রকাশ করেন, এ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার হবে। পাশাপাশি দেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক স্নায়বিক পুনর্বাসনসেবা সম্প্রসারণেও এটি সহায়ক হবে।