স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক কাজী আহমেদ জাকিরের কার্যালয়ে হামলা ও তাঁকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।
একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি।
বুধবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মাহমুদ হোসেন এ নিন্দা জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে একদল ব্যক্তি আইইডিসিআরের পরিচালকের কার্যালয়ে প্রবেশ করে তাঁকে মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার ভিডিওচিত্রও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
এনডিএফের নেতারা বলেন, একজন চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞকে তাঁর নিজ কর্মস্থলে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
পেশাগত মতপার্থক্য, প্রশাসনিক বিরোধ কিংবা রাজনৈতিক ও সাংগঠনিক মতাদর্শের ভিন্নতা কখনোই সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন বা আইন নিজের হাতে তুলে নেওয়ার বৈধতা দিতে পারে না।
কারও বিরুদ্ধে অভিযোগ বা আপত্তি থাকলে তা যথাযথ প্রশাসনিক ও আইনগত প্রক্রিয়ায় নিষ্পত্তি করতে হবে।
তাঁরা আরও বলেন, আইইডিসিআরের মতো গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তার কার্যালয়ে হামলার অভিযোগ শুধু একজন চিকিৎসকের ব্যক্তিগত নিরাপত্তার বিষয় নয়; এটি সরকারি প্রতিষ্ঠানের কর্মপরিবেশ, প্রশাসনিক শৃঙ্খলা এবং জনস্বাস্থ্য কার্যক্রমের সুষ্ঠু পরিচালনার জন্যও উদ্বেগজনক।
বিজ্ঞপ্তিতে ঘটনার নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার নিশ্চিত করা এবং চিকিৎসকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছে ন্যাশনাল ডক্টরস ফোরাম।
সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির অফিস সম্পাদক ডা. এ কে এম জিয়াউল হক।