স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), ডেন্টাল কলেজসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কর্মরত মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট পদসমূহকে ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় তথ্য চেয়েছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
এ বিষয়ে গত বৃহস্পতিবার ( ২৫ জুন) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. মিছবাহ উদদীন আহমদ স্বাক্ষরিত এক তাগিদপত্র জারি করা হয়েছে।
পত্রে বলা হয়েছে, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি, ডেন্টাল, রেডিওগ্রাফি, রেডিওথেরাপি, ফিজিওথেরাপি ও স্যানিটারি ইন্সপেক্টরশিপ) এবং ফার্মাসিস্ট পদসমূহকে ১০ম গ্রেডে উন্নীতকরণের কার্যক্রম এগিয়ে নিতে প্রতিষ্ঠানভিত্তিক ও পদভিত্তিক তথ্য জরুরি ভিত্তিতে সংগ্রহ করা হচ্ছে।
এ লক্ষ্যে প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের অনুমোদিত (মঞ্জুরিকৃত) পদ, বর্তমানে পূরণকৃত পদ এবং শূন্য পদের হালনাগাদ তথ্য নির্ধারিত ছকে পত্র জারির দুই কর্মদিবসের মধ্যে ই-মেইল (dgmeded@gmail.com)-এ পাঠানোর পাশাপাশি বিশেষ বাহকের মাধ্যমে হার্ডকপিও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
তবে যেসব প্রতিষ্ঠান ইতোমধ্যে চাহিদাকৃত তথ্য প্রেরণ করেছে, তাদের পুনরায় তথ্য পাঠানোর প্রয়োজন হবে না বলেও তাগিদপত্রে উল্লেখ করা হয়েছে।
এ নির্দেশনা সরকারি মেডিকেল কলেজসমূহ, ঢাকা ডেন্টাল কলেজ, সেন্টার ফর মেডিকেল এডুকেশন (সিএমই), সরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি), সরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস), সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, এ বিষয়ে মহাপরিচালকের অনুমোদন রয়েছে এবং গ্রেড উন্নীতকরণ কার্যক্রমের পরবর্তী ধাপ বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে দ্রুত তথ্য পাওয়া প্রয়োজন।