স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৩ জুলাই ২০২৬, ১২:৫৫ পি এম

যুক্তরাষ্ট্রের ৩১ অঙ্গরাজ্যে ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, হাসপাতালে ৮৬ জন

ছবি: সংগৃহীত

ডায়রিয়া সৃষ্টিকারী পরজীবী সাইক্লোস্পোরা (Cyclospora)-এর সংক্রমণ যুক্তরাষ্ট্রের ৩১টি অঙ্গরাজ্যে ছড়িয়ে পড়েছে। গত কয়েক সপ্তাহে হাজারো মানুষ এ সংক্রমণে আক্রান্ত হয়েছেন। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)।

সিডিসির তথ্যমতে, সাইক্লোস্পোরিয়াসিস হলো খালি চোখে দেখা যায় না এমন একটি অণু-পরজীবীর সংক্রমণ। এর প্রধান লক্ষণ হলো বারবার হওয়া পাতলা, পানির মতো ও তীব্র ডায়রিয়া। দূষিত খাবার বা পানি গ্রহণের মাধ্যমে মানুষ এ রোগে আক্রান্ত হতে পারে।

সংস্থাটি জানায়, চলতি বছরের ১ মে থেকে ৯ জুলাই পর্যন্ত যুক্তরাষ্ট্রে সাইক্লোস্পোরিয়াসিসের ৮৪৩টি নিশ্চিত সংক্রমণ শনাক্ত হয়েছে। তবে প্রকৃত আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে। সিডিসি জানিয়েছে, তারা দেড় হাজারেরও বেশি সম্ভাব্য সংক্রমণের তথ্য পেয়েছে, যেগুলো নিশ্চিত করতে আরও পরীক্ষার প্রয়োজন।

প্রাদুর্ভাবের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মিশিগান অঙ্গরাজ্য। রাজ্য কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, মাত্র দুই সপ্তাহের ব্যবধানে সেখানে এক হাজারেরও বেশি মানুষের মধ্যে সংক্রমণ শনাক্ত হয়েছে।

যদিও সংক্রমণের নির্দিষ্ট উৎস এখনও শনাক্ত করা যায়নি, তবে অতীতের বিভিন্ন প্রাদুর্ভাবের সঙ্গে কাঁচা ফল, শাকসবজি ও অন্যান্য তাজা কৃষিপণ্য থেকে ছড়িয়ে পড়া খাদ্যবাহিত সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে।

সিডিসি জানিয়েছে, এ পর্যন্ত সংক্রমণের কারণে ৮৬ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তবে এখন পর্যন্ত এ রোগে কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা নিরাপদ খাবার গ্রহণ, ফল ও শাকসবজি ভালোভাবে ধুয়ে খাওয়া এবং নিরাপদ পানি ব্যবহারের পরামর্শ দিয়েছেন। একই সঙ্গে ডায়রিয়ার উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।